প্রধানমন্ত্রী
ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
মঙ্গলবার (১৯ মে) তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী যুগ যুগ ধরে চলে আসা ভূমি মালিকানার জটিলতা এবং এর আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সময়ের পরিক্রমায় একই পরিবারের জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বণ্টন এবং বিক্রির কারণে মালিকানা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ১০০ বছর আগে যে জমির মালিক একজন ছিলেন, আজ সেখানে বহু মানুষের অংশীদারিত্ব তৈরি হয়েছে। ফলে জমির রেকর্ড ও হিসাব-নিকাশ নিখুঁতভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে ভূমি কর্মকর্তাদের দায়-দায়িত্ব পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা ও নামজারির মতো শব্দগুলোর সঙ্গে দেশের সাধারণ মানুষ জড়িত থাকায়, তাদের অধিকার সুরক্ষায় একটি আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী দেশের বর্তমান বিচার ব্যবস্থার ওপর থেকে মামলার চাপ কমাতে ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে প্রায় ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার একটি বড় অংশই জমিজমা সংক্রান্ত। এই বিপুল পরিমাণ মামলার জট কমাতে প্রচলিত আদালতের বাইরে গ্রাম আদালত এবং অল্টারনেটিভ ডিস্পিউট রেজুলেশন (এডিআর) তথা বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে তা সামাজিক শান্তি বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদি শত্রুতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাকে সহজ ও আধুনিকায়ন করার বিষয়টি জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ ছিল। তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরেকটি বড় ওয়াদা পূরণ করল।
