×

জাতীয়

ডেপুটি স্পিকার

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

ছবি : সংগৃহীত

দেশে শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৬ জুন) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলা: প্রতিবন্ধকতা, দায়িত্ব ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

ডেপুটি স্পিকার বলেন, শিশু নির্যাতন একটি গভীর সামাজিক সমস্যা, যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিশু নির্যাতনের কারণগুলো চিহ্নিত করে বিদ্যমান আইন, নীতিমালা ও সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা মূল্যায়ন করা জরুরি। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কায়সার কামাল আরো বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শুধু বক্তব্য নয়, বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

ডেপুটি স্পিকারের মতে, বর্তমানে শিশুদের বিরুদ্ধে শারীরিক, মানসিক এবং অনলাইনভিত্তিক নির্যাতনের ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য আইনি, চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা রাখছে।

নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি নিপুণ রায় চৌধুরী, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, রামিসার বাবা, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App