×

জাতীয়

স্পিকার

১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম

১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকার অর্থে কার্যকর সংসদ পেয়েছে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর সংসদের প্রত্যাশা করে এসেছে। অতীতের সংসদগুলোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি নিজেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় অনেক বিষয়ে প্রশ্ন ছিল। এমনও ঘটেছে যে একজনকে নির্বাচিত হিসেবে দেখানো হলেও পরে অন্য কাউকে সংসদে দেখা গেছে। নানা অনিয়মের মধ্য দিয়ে অনেকেই সংসদ সদস্য হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের সেই পরিস্থিতির পর বর্তমান সংসদকে তিনি একটি প্রকৃত সংসদ হিসেবে দেখছেন। তার মতে, ১৯৯১ সালের পর এবারই আবার একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। এ নির্বাচনে অনেক ব্যক্তি নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, যাদের রাজনৈতিক পরিচিতি আগে খুব বেশি ছিল না।

তিনি আরো বলেন, ভোটের ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়, দেশের মানুষ পরিবর্তন চায়। অতীতের সংসদীয় কার্যক্রম ও অনেক সংসদ সদস্যের আচরণে জনগণ সন্তুষ্ট ছিল না। তারা একটি জবাবদিহিমূলক ও কার্যকর সংসদ প্রত্যাশা করে। সে কারণে বর্তমান সংসদ সদস্যদের দায়িত্বও আগের তুলনায় অনেক বেশি। জনগণের কল্যাণে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যেন উন্নয়ন ও সমৃদ্ধির সুফল সমানভাবে ভোগ করতে পারে এবং সমাজে ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের অবদানও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ফল উৎসবের মতো আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে সাংবাদিকদের লেখনী আরো শক্তিশালী ও দায়িত্বশীল হোক- এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

চিফ হুইপ বলেন, জাতীয় সংসদকে জনগণের আরো কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ ও সালাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং গণমাধ্যম ও সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

বিপিজেএ সভাপতি হারুন জামিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। সংগঠনের সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দফতর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App