×

জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত সূচিত হয়েছে: মাহদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত সূচিত হয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু ব্যবসায়িক নয় বরং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অংশীদারিত্বের এই বার্তাই দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। এই ঐতিহাসিক সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছে বেইজিং। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোরের বিষয়েও আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সব বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই আলোচনার মূল ভিত্তি ছিল পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, সহযোগিতা এবং উভয়ের রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি।

মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর এই সফল সফরকে কেন্দ্র করে দুই দেশের পক্ষ থেকে ১৬ দফার একটি বিশেষ যৌথ ইশতেহার প্রকাশ করা হবে। এই যৌথ ইশতেহারে বেইজিং সফরে দুই দেশের সরকারের মধ্যে যেসব বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য তৈরি হয়েছে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে।

চীন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘এই বন্দরের আধুনিকায়ন করে কীভাবে এটাকে আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, অন্যান্য দেশের জন্যও সার্ভ করবে, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। একই সাথে মোংলা পোর্টকে আপগ্রেড, আরো বেশি প্রোগ্রেসিভ ও  সার্ভিস ওরিয়েন্টেড করার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।’

চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে আমরা পিপল টু পিপল কানেক্ট জোরদার করতে চাই। সংস্কৃতি, মিডিয়া, টেকনোলজি, সামগ্রিকভাবে নলেজ ট্রান্সফার এবং এমপ্লয়মেন্ট জেনারেশন নিয়ে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো বাড়াতে চাই। এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন ভাষা প্রায়োরিটাইজ করা হচ্ছে, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। এই দুই ক্ষেত্রেই চীন তাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা আমাদেরকে শিক্ষক এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেবেন।’ 

ভিসা প্রসেসিং সহজীকরণে চীন সরকার সহায়তা করবে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘হেলথকেয়ারের ক্ষেত্রে কীভাবে আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারি, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি এবং হাসপাতাল প্রতিষ্ঠাসহ অন্যান্য বিষয়ে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা নিতে যান। এক্ষেত্রে চীন ভিসা প্রক্রিয়া সহজ করে বাংলাদেশিদের জন্য তাদের দ্বার উন্মোচন করতে ইচ্ছুক।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন পাশে থাকবে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুহেত বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাই তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ বিষয়ে কোনো সংলাপের প্রয়োজন হলে চীন আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক। ’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র ও  প্রতিরক্ষা বিষয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে চীনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সামনের দিনগুলোতে এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত ভিত্তিতে ডায়লগ শুরু হবে। এ নিয়ে বিস্তারিত ওয়ার্কআউট করা হচ্ছে।’

ব্রিকসে বাংলাদেশের যোগদানের ইচ্ছাকে চীন স্বাগত জানিয়েছে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদে সহযোগিতার আশ্বাস দেন। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাঁচাবাজারে নেই স্বস্তি, মাছ-মুরগির দাম চড়া

কাঁচাবাজারে নেই স্বস্তি, মাছ-মুরগির দাম চড়া

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

কিম জং উনকে ঠেকাতে ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

কিম জং উনকে ঠেকাতে ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট, দাবি ভারতের

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট, দাবি ভারতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App