স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে নতুন নীতিমালা প্রণয়নের কাজে সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি জনস্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এ প্রক্রিয়ায় সম্পাদকদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করবে, তবে একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।
