ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। এছাড়া শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, তা এই সফরের আলোচনায় প্রাধান্য পেতে পারে।
আরো পড়ুন : ট্রাইব্যুনালে বিস্ফোরক মন্তব্য লতিফ সিদ্দিকীর
এছাড়া ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন সার্জিও গোর।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে বাংলাদেশ সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ঢাকা সফর করেন।
২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। পরে চলতি বছরের জানুয়ারিতে তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও গ্রহণ করেন। নয়াদিল্লিকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন তিনি।
