পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি: আইজিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ সদস্যদের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন।
শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলায় বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল সাফল্যের ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এবং ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য অর্জনের লক্ষ্যেই পুলিশ বাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, নিয়মিত অনুশীলন ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম, দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে। এ সময় ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিষ্ঠা ও ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে।
শেষ পর্যন্ত সিলেট রেঞ্জ ১-০ গোলে চট্টগ্রাম রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে সিলেট রেঞ্জের জীবন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং আমিরুল ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
পরে আইজিপি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন ‘গ্রিন মার্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
