দিল্লিতে আবারও আটক সিজেপির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় অজিঙ্কা শিন্ডেসহ দলটির আরও কয়েকজন সমর্থককেও আটক করা হয়।
এর এক দিন আগে, সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞার কথা জানায় দিল্লি পুলিশ। বিকল্প হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানে বিক্ষোভ করার সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়।
সোমবারই যন্তর মন্তরে বিক্ষোভের জন্য নির্দিষ্ট দিন ধার্য করার আবেদন জানিয়ে দিল্লির সংসদ মার্গ থানায় গিয়েছিল সিজেপি। এর আগে দলটি সেখানে বিক্ষোভের অনুমতি চাইলেও তা পায়নি। বিক্ষোভের জন্য একটি নির্দিষ্ট দিন জানাতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমাও দিয়েছিল দলটি। এর মধ্যেই মঙ্গলবার সকালে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হন দলটির নেতাকর্মীরা।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দলটির কয়েকজন সমর্থককে একটি বন্ধ ফটক টপকে যন্তর মন্তর চত্বরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাদের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল এবং তারা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন: ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভিডিওতে আরও দেখা যায়, সিজেপির সমর্থকেরা চত্বরে প্রবেশ করার পর পুলিশ সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তাদের আটক করেন।
ভিডিওটি প্রকাশ করে অভিজিৎ দীপকে লেখেন, ‘আজ ভোরে তেরঙ্গা পতাকা নিয়ে ককরোচরা যন্তর মন্তরে প্রবেশ করে এবং দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস, অজিঙ্কা শিন্ডে এবং দলের অন্যান্য সদস্যদের আটক করা হয়েছে।’
পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘নরেন্দ্র মোদি, আপনি এই বিক্ষোভ বন্ধ করতে পারবেন না।’
যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না পাওয়া এবং সেখানে প্রবেশের চেষ্টা ঘিরে সিজেপি ও দিল্লি পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিকল্প স্থানগুলোতে বিক্ষোভের সুযোগ থাকলেও যন্তর মন্তরেই কর্মসূচি পালনে অনড় দলটির অবস্থান পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে।
তথ্যসূত্র: বিবিসি।
