এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি
প্রতিষ্ঠার ২০ মাস পেরিয়ে গেলেও জাতীয় সম্মেলন করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এরই মধ্যে দলের শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়া রাজনৈতিক দলটি। আগামী এক-দুই দিনের মধ্যে এ পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির তিনজন নেতা জানিয়েছেন, দলের শীর্ষ পর্যায়ে পদ পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শিগগিরই।
দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত কমিটিতেও আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করবেন। তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে হাসনাত আব্দুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন বিন্যাসে তাঁদের দায়িত্ব ও পদবি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর
দলীয় সূত্র বলছে, সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
তবে পদ-পদবি পরিবর্তনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে। এখনো পাবলিক করা হয়নি।’
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আত্মপ্রকাশের সময় দলটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যের কথাও তুলে ধরে দলটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে অংশ নেয় এনসিপি। ওই নির্বাচনে দলটি ছয়টি আসনে জয় পেয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে।
দলটির কেন্দ্রীয় কমিটির এক নেতা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের পর উপজেলা পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটি গঠনের কাজও এখন শেষ পর্যায়ে।
জাতীয় সম্মেলন আয়োজনের আগেই শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য এই পরিবর্তনকে দলের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পদ-পদবির পরিবর্তনগুলো চূড়ান্ত বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তথ্যসূত্র: বিডিনিউজ।
