×

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সৌর প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌর বিদ্যুৎবিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপন করা হবে। একই সঙ্গে দেশে সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন তিনি।

সভায় সিদ্ধান্ত হয়, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। সে লক্ষ্যেই সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ এবং ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। তাদের উপস্থাপনায় বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

এ সময় সৌরবিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থাপনায় জানানো হয়, সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রতিষ্ঠানের সোলার ও নবায়নযোগ্য জ্বালানি বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যাশ-আউট চার্জের ফাঁদে রেমিটেন্সের প্রণোদনা!

ক্যাশ-আউট চার্জের ফাঁদে রেমিটেন্সের প্রণোদনা!

৫ আগস্ট নোয়াবের ছুটি ঘোষণা

৫ আগস্ট নোয়াবের ছুটি ঘোষণা

বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত একই পরিবারের তিনজন

বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত একই পরিবারের তিনজন

যুবদল নেতার কবজি কেটে দিল আ. লীগ নেতা

যুবদল নেতার কবজি কেটে দিল আ. লীগ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App