অনুমোদনহীন প্রতিষ্ঠানের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
ছবি : সংগৃহীত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১৪৪৭ হিজরি (২০২৭) সালের হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করতে নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক স্মারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী ৯ আগস্ট (রোববার) সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা সংশ্লিষ্ট অংশীজন নয়। ফলে হজ-সংশ্লিষ্ট এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো আইনগত এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এছাড়া এ বিষয়ে মন্ত্রণালয়ও অবগত নয়।
স্মারকে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সেনা মালঞ্চে অনুষ্ঠিতব্য ওই সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ রাখা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে একই দিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন হজ এজেন্সি, হজযাত্রী এবং অনুমোদনহীন হজ কাফেলা বা গ্রুপকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রতারণার আশঙ্কা তৈরি হতে পারে।
এ অবস্থায় অনুষ্ঠানটি বন্ধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানায় হাব।
উল্লেখ্য, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে আগামী ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় সেনা মালঞ্চে হজের লিড ও সহযোগী এজেন্সিগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন নিবন্ধন ফরমও সংযুক্ত করা হয়।
এদিকে, সংশ্লিষ্ট এজেন্সিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে আসছেন হজ এজেন্সির মালিকরা। অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
