রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, পুলিশের সতর্কবার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন: ‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’
পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া এবং কোনো ধরনের অনৈতিক তদবির আমলে না নেওয়ায় একটি অসন্তুষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া তথ্য ছড়াচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত থাকা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির করা এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও পুলিশের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
