‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম
ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে এবং বিদেশি অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ‘মব’ সৃষ্টি করছে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি অল্প সময়ের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। তার ভাষ্য, স্বাধীনতাবিরোধী অতীতের কারণে জামায়াত জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হলে তাদের দীর্ঘ সময় বিরোধী দলে থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
আরো পড়ুন: দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল। তাই তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তবে জামায়াত ও এনসিপির কথিত ‘মব’ সৃষ্টির রাজনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং এর ফলে আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলোর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, সরকারকে চাপে রাখতে ধারাবাহিকভাবে হঠকারী কর্মসূচি দেওয়া হচ্ছে, যা জনগণ গ্রহণ করবে না। একই সঙ্গে তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা না করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ফিরে এলে তার প্রভাব সব বিরোধী দলকেই মোকাবিলা করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে প্রার্থী দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপিও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিক—গণতন্ত্রের স্বার্থে সেটিই কাম্য।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সঞ্চালনা করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।
