দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:১৮ এএম
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এদিন ১১টি জেলায় দুর্ঘটনার খবর পাওয়া গেলেও ১০ জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
এর মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় পৃথক দুটি বড় দুর্ঘটনায় চারজন করে মোট আটজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় একজন করে মোট আটজন নিহত হয়েছেন।
নিহত ১৬ জনের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কক্সবাজার : বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
নিহতরা হলেন- খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) ও ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮)।
নেত্রকোনা : বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।
নওগাঁ : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত শ্যামল তিগ্গা (৪০) আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।
গাইবান্ধা : বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৩৫) নামে এক নারী নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক কারখানা শ্রমিক নিহত হন।
জুয়েল নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।
রাজবাড়ী : বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুরসংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ প্রামানিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল গ্রামের আরজু প্রামানিকের ছেলে।
গোপালগঞ্জ: বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।
তিনি মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
যশোর : বৃহস্পতিবার দুপুরে যশোরের বেনাপোল ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হন।
তিনি শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে লং হেভিকেলের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন।
নিহত মো. আশরাফুল ইসলাম (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ : বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান মুয়াজ (২২) নিহত হন।
তিনি ঢাকার খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম : বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের পটিয়ার বাদামতলী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রী আহত হয়েছেন।
