বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশে অর্থবছরের প্রচলিত সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হলেও ভবিষ্যতে তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে।
সোমবার (১৭ আগস্ট) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর। অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত ওই অর্থবছর চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুযায়ী নতুন অর্থবছর কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর হওয়ায় জুলাই-আগস্টে বর্ষাকালের মধ্যেই বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। এতে বৃষ্টির কারণে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে জনদুর্ভোগও তৈরি হয়।
নতুন সময়সূচি অনুযায়ী অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বড় অংশ শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এ কারণে এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণকে যুক্তিযুক্ত মনে করা হয়েছে।
অর্থবছর পরিবর্তনের বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি কাজ করবে।
এ পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর নয় মাসে শেষ করার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমায় সরকারি সব কার্যক্রম পরিচালিত হবে।
