নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি জোরেশোরে এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে গিয়ে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সমন্বয় করা হবে।
আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল
সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতির চাপ এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একবারে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে বাকি বিষয়গুলো নিষ্পত্তির পর সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।
এর আগে সচিব কমিটির বৈঠকে বেতন কমিশনের সুপারিশ, গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কমিশনের সব সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন না করে কিছুটা কাটছাঁটের বিষয়ও আলোচনায় এসেছে। বিশেষ করে মূল বেতন বৃদ্ধির হার এবং কয়েকটি ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন
অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অক্টোবর থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নেওয়া হয়েছে। সচিব কমিটির আরেকটি বৈঠকের পর পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে তৈরি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদও দেওয়া হয়েছে। এ কারণে পে স্কেলের চূড়ান্ত প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে জানিয়েছিলেন, ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে এবং চলতি অর্থবছরেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শুরুতে মূল বেতন কার্যকর করে পরবর্তী সময়ে ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি
এদিকে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে কার্যকর ধরে নতুন কাঠামো অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হবে। একই সঙ্গে আগের তিন মাসের বকেয়া অর্থও হিসাব করে সমন্বয় করা হবে।
