×

জাতীয়

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

এশিয়ান ট্যুরিজম ফেয়ার নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও বিশেষ ছাড় নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬। আগামী ১৭ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাওয়া তিন দিনের এই মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আইসিসিবির তিনটি হলে প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স, পর্যটন প্রতিষ্ঠান ও বিদেশি মিশনগুলো তাদের সেবা ও আকর্ষণীয় ভ্রমণ অফার তুলে ধরবে। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। দর্শনার্থীদের জন্য থাকছে দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন প্যাকেজ, পর্যটনসেবা, বিশেষ ছাড় এবং র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

এশিয়ান ট্যুরিজম ফেয়ার নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। এর পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের জন্য থাকবে বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন হেলাল বলেন, ‘এটিএফ-২০২৬ দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সংযোগ, পর্যটন পণ্য প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এবারের মেলায় দেশের অঞ্চলভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাওর, সুন্দরবন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও পরিবেশ পর্যটনের সম্ভাবনা তুলে ধরা হবে। 

মহিউদ্দিন হেলাল বলেন, বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও নিজ নিজ দেশের পর্যটন আকর্ষণ ও সেবা প্রচার করবে। শিশু, শিক্ষার্থী, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেই এবারের মেলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে পর্যটন খাতে নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

এশিয়ান ট্যুরিজম ফেয়ার নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত.

এটিএফকে শুধু ভ্রমণপ্রেমীদের মেলা হিসেবে নয়, পর্যটন ব্যবসা ও বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম হিসেবেও তুলে ধরছেন আয়োজকরা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পর্যটনসেবা, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন প্যাকেজ সম্পর্কে দর্শনার্থীদের জানাবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এটিএফ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহায়ক হবে। সামগ্রিকভাবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’

তিনি আরও জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মেলাটির অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন মেলায় সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করবে।

ভ্রমণপ্রেমীদের জন্য মেলার অন্যতম আকর্ষণ হবে র‌্যাফেল ড্র। মাত্র ৩০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ কুপনের মাধ্যমেই র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিজয়ীদের জন্য সৌজন্য এয়ার টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও গিফট ভাউচার দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আয়োজকরা আরও জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আইসিসিবিতে মেলার উদ্বোধন হবে। এতে বিমান ও পর্যটনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামার।

এ ছাড়া কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার, এম৩৬০ আইসিটি পার্টনার, দ্য ট্রাভেল বাউন্ড অফিসিয়াল পাবলিকেশন, ঢাকা ডিনার ক্রুজ ক্রুজ পার্টনার এবং এনআরবি ভিস্তারা লিমিটেড অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। এ ছাড়া আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে মেলায় দর্শনার্থীদের জন্য নানা ধরনের ডিসকাউন্ট ও বিশেষ অফার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন পার্টনার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App