×

জাতীয়

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

ছবি ; সংগৃহীত

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হয়নি। দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আগ্রহ তৈরি হলেও গেজেট জারিতে বিলম্ব হওয়ায় অনেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সংশ্লিষ্ট সাবেক আমলা ও মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এতে হতাশ হওয়ার কারণ নেই। তাদের মতে, নতুন বেতন কাঠামোর মতো বড় ও সংবেদনশীল সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির আগে বেশ কিছু প্রশাসনিক, আইনি ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশিত হলেও অর্থ ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি। এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়েই প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি কোনো ফাইল আটকে থাকার নয়। বরং সামরিক ও বেসামরিক বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ ত্রুটিমুক্ত প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করতে সময় লাগছে।

বিশেষ করে সেনা, নৌ ও বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কীভাবে কার্যকর হবে, তার হিসাব ও বাস্তবায়ন পদ্ধতি খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ করতে হচ্ছে।

প্রজ্ঞাপন জারির আগে যেসব ধাপ

মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর সরাসরি প্রজ্ঞাপন জারি করা হয় না। এর আগে বেশ কয়েকটি প্রশাসনিক ও আইনি ধাপ সম্পন্ন করতে হয়।

সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহর মতে, মন্ত্রিসভায় মূলত গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির একটি সামগ্রিক প্রস্তাব অনুমোদন করা হয়। কিন্তু প্রজ্ঞাপনে কোন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে কীভাবে তা বাস্তবায়ন হবে, তার বিস্তারিত হিসাব ও নির্দেশনা তৈরি করতে হয় অর্থ মন্ত্রণালয়কে।

প্রাথমিক খসড়া প্রস্তুত হওয়ার পর সেটি ভেটিং বা আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে নতুন বেতন কাঠামোর কোনো বিষয় সংবিধান বা বিদ্যমান চাকরি আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি প্রজ্ঞাপনে ব্যবহৃত ভাষা ও আইনি পরিভাষায় কোনো অস্পষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়।

আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত খসড়া অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। এরপর সেটি মুদ্রণের জন্য সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পাঠানো হয়। মুদ্রণ শেষে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

আগের পে-স্কেলেও লেগেছিল কয়েক মাস

২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছিল ৭ সেপ্টেম্বর। এরপর প্রায় সাড়ে তিন মাস পর, ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

এ কারণে এবার মন্ত্রিসভায় অনুমোদনের দুই সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ না হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ অভিজ্ঞ আমলারা।

আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় থেকে খসড়া ভেটিংয়ের জন্য পাওয়ার পর তারা প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করবেন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করে খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর ভেটিংসহ বাকি প্রক্রিয়া শেষ করে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

নিখোঁজের ২১ দিন পর মিললো অটো চালকের গলিত মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App