চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
ছবি : সংগৃহীত
নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি হতে পারে। এরই মধ্যে অনুমোদিত পে স্কেলের খসড়ার একটি বড় অংশ ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হয়েছে। আজ-কালের মধ্যে অবশিষ্ট অংশও পাঠানোর কথা রয়েছে। সব প্রক্রিয়া সময়মতো শেষ হলে আগামী বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট তারিখ নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। সে সময় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
সরকারি চাকরিজীবীদের অনেকেই গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চাইছেন, কবে জারি হবে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন।
আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অনুমোদিত নতুন বেতন কাঠামোর খসড়ার বড় একটি অংশ অর্থ বিভাগ থেকে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে সেসব নথির ভেটিং শুরু হয়েছে। আজ-কালের মধ্যে অবশিষ্ট অংশও পাঠানো হতে পারে। বাকি অংশ দ্রুত পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। সামরিক ও বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুতের কাজ চলছে।
কর্মকর্তারা জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভায় যেভাবে নতুন বেতন কাঠামো অনুমোদন হয়েছে, আনুষঙ্গিক নির্দেশনাসহ সেভাবেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
