পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে অনুমোদিত নতুন বেতন কাঠামোর খসড়ার একটি অংশ ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে। আজ-কালের মধ্যে খসড়ার বাকি অংশও পাঠানোর কথা রয়েছে।
সব প্রক্রিয়া ঠিকভাবে এগোলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অনুমোদিত নতুন বেতন কাঠামোর খসড়ার বড় একটি অংশ ভেটিংয়ের জন্য অর্থ বিভাগ থেকে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব অংশের ভেটিং কার্যক্রম শুরু হয়েছে। আজ-কালের মধ্যে খসড়ার অবশিষ্ট অংশও পাঠানো হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এক-দুই দিনের মধ্যে খসড়ার বাকি অংশ পাওয়া গেলে দ্রুত ভেটিং শেষ করে প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। সামরিক ও বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুতের কাজ চলছে।
তারা জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভায় যেভাবে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে, সেভাবেই আনুষঙ্গিক নির্দেশনাসহ প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
