×

জাতীয়

নতুন পে স্কেল: গ্রেডভেদে বাড়িভাড়া ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

নতুন পে স্কেল: গ্রেডভেদে বাড়িভাড়া ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল

ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সরকার ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করেছে। নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ব্যবস্থার তুলনায় বেতন ও বিভিন্ন ভাতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন পে-স্কেলে সামরিক-বেসামরিক, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার সবার জন্য সমান থাকছে না। উচ্চতর গ্রেডে ইনক্রিমেন্টের হার তুলনামূলক কম রাখা হচ্ছে। অর্থাৎ গ্রেড যত উঁচু হবে এবং মূল বেতন যত বেশি হবে, বার্ষিক ইনক্রিমেন্টের হার তত কম হবে।

অন্যদিকে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হলেও জীবনযাত্রার ব্যয় ও সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় বাড়িভাড়া ভাতার হার কিছুটা কমানো হচ্ছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় ভাতার হার কমলেও প্রকৃত অর্থে বাড়িভাড়া ভাতার পরিমাণ আগের তুলনায় বাড়বে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। ওই সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

মূল বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ

জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের প্রস্তাবে প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোয় প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অষ্টম ও নবম গ্রেডেও কমিশনের প্রস্তাবের তুলনায় বেতন বৃদ্ধির হার কমানো হয়েছে। এই দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করে। অন্য গ্রেডগুলোতে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার বহাল রাখা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় ২০টি গ্রেডই থাকছে। একই সঙ্গে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাবও বহাল রাখা হয়েছে।

তিন ধাপে কার্যকর হবে নতুন বেতন

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোর মূল বেতনের একটি অংশ প্রথম ধাপে কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। আর বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

বাড়িভাড়া ভাতায় বড় পরিবর্তন

২০১৫ সালের বিদ্যমান পে-স্কেল অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পান। নতুন পে-স্কেলে এই হার কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে মূল বেতনের তুলনায় বাড়িভাড়ার হার কমলেও গ্রেডভেদে মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ায় প্রকৃত অর্থে বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে।

বর্তমানে ঢাকা সিটি করপোরেশন ছাড়া দেশের অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলা এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় এসব এলাকায় কর্মরতরা মূল বেতনের ৩০ থেকে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

একইভাবে, ঢাকা ও দেশের অন্যান্য সিটি করপোরেশন এবং সাভার উপজেলার বাইরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হার বর্তমানে ৩৫ থেকে ৫০ শতাংশ। নতুন কাঠামোয় তা কমিয়ে গ্রেডভেদে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

চিকিৎসা ভাতা বাড়ছে

বর্তমান বেতন কাঠামোয় সব কর্মচারীর জন্য মাসিক চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা। ৬৫ বছরের বেশি বয়সী পেনশনাররা মাসে ২ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।

নতুন বেতন কাঠামোয় গ্রেড নির্বিশেষে ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীদের মাসিক চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।

অন্যদিকে, ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনভোগীরা মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।

প্রথমবার সবার জন্য মোবাইল ভাতা

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ ও ৫ম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা মোবাইল ফোন বিল পান। অন্যান্য গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পান না।

নতুন কাঠামোয় ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তাদের মোবাইল ভাতা কমিয়ে মাসে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।

অন্যান্য ভাতাও বাড়ছে

জীবনযাত্রার ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামোয় যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান পে-স্কেলে যাতায়াত ভাতা মাসে ৩০০ টাকা। নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, বর্তমানে সরকারি চাকরিজীবীরা বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ পান। নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশের হার অপরিবর্তিত থাকছে। তবে পার্বত্য জেলা ও উপজেলা সদরের জন্য এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং সদরের বাইরের এলাকার জন্য ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

হাওর, দ্বীপ ও চরভাতার ক্ষেত্রেও মূল বেতনের ২০ শতাংশ হার অপরিবর্তিত থাকছে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, কুক অ্যান্ড সিকিউরিটি এলাউন্স, উৎসব ভাতা এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার ক্ষেত্রে বিদ্যমান হার ও পরিমাণই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App