×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর পদক্ষেপ ও অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

শেখ হাসিনাকে ফেরানোর পদক্ষেপ ও অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ এবং এ বিষয়ে অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম এজেন্ডা। বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সংসদীয় কমিটি কীভাবে মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারে, সেটিও জানাতে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব বজায় রাখার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।

প্রবাসী কর্মী পাঠানোর প্রক্রিয়া

বৈঠকে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতীতে যথাযথ যাচাই-বাছাইয়ের ঘাটতি ও পদ্ধতিগত দুর্বলতার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

নিরাপদ অভিবাসন ও প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাইগ্রেশন উইং চালুর বিষয়টিও বৈঠকে উল্লেখ করা হয়। পাশাপাশি দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়েছে।

রোহিঙ্গা পরিস্থিতি পর্যালোচনা

বৈঠকে রোহিঙ্গা সংকটের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী ছাড়াও সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App