প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্ক সফরে যাচ্ছেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের প্রতিনিধিদল। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব জানান, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধিদল থাকছে। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসেবে থাকছেন।
যারা থাকছেন সফরসঙ্গী
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীও নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
দুই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সফরে থাকছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকুই সেখানে অবস্থান করবেন। সফরের সময় কত দীর্ঘ হলো, তার চেয়ে নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সাইডলাইন আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুও এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে।
