ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ সাইদুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সাইদুর রহমান চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক করতোয়াতেও সাংবাদিকতা করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাইদুর রহমান রাজশাহীর প্রাক্তন গভর্নর ও ভাষাসৈনিক মরহুম আতাউর রহমানের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি। তিনি রাজশাহীর একটি স্বনামধন্য পরিবারের সন্তান।
তার মরদেহ সোমবার দুপুর ১২টার দিকে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী প্রেসক্লাবের সামনে রাখা হবে। বাদ আসর দরগা মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেতেমখা কবরস্থান তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
