গাজী নজরুলের বিষয়ে যা বললেন ইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে কমিশনের কাছে এখনো কোনো চিঠি আসেনি। স্পিকারের কাছ থেকে চিঠি পাওয়ার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই। চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি।
তবে দল থেকে বহিষ্কারের পরই সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায় কি না, সে বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণের বিষয় রয়েছে। এ ক্ষেত্রে স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইসি।
এদিকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। ওই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
