জাহেদ উর রহমান
‘কয়েকটা ককটেল-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কোনো বড় সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, "রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে— এটা মেনে নিয়েই রাজনীতি করা উচিত।"
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দল যারা আছেন, তারা লং মার্চ করছেন—করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।"
ভারতের উদাহরণ টেনে তিনি আরও বলেন, "ককরোচ পার্টি এত বড় আন্দোলন করল, এর আগে মোদির বিরুদ্ধে কৃষকদের আন্দোলন হয়েছিল, অর্থাৎ দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল— কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয়নি। সরকারের ব্যর্থতা যেখানে রয়েছে, সেখানে চাপ তৈরি করাই বেশি কার্যকর।"
সাম্প্রতিক সহিংসতার বিষয়ে উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগের কথা বলছি না, তবে ঢাকা শহরের কিছু কিছু স্থানে দুই-একটি ককটেল ফুটেছে বা বাসে আগুন দেওয়া হয়েছে। এগুলো ঘটিয়ে আসলে বড় ধরনের সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।"
