বৈছাআ নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, যা জানাল পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার ভাদৈ এলাকার বাসা থেকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী হাসান। ওই সময় তার বাসার বৈদ্যুতিক মিটার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
মাহদী হাসানের দাবি, দুর্বৃত্তরা তাদের বাড়ির টিনের চালে দুটি এবং বৈদ্যুতিক মিটারে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে তিনটি বোতলও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক লাইভে তাকে হবিগঞ্জের পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বরে ফোন করতেও দেখা যায়। পরে তার লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহদী হাসানের বাসার বৈদ্যুতিক সংযোগ থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারে আগুন লাগে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমা বা বোতল পাওয়া যায়নি।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠনের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে পরিচিতি পান মাহদী হাসান। পরবর্তী সময়ে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকায় তিনি আলোচনায় আসেন।
