×

জাতীয়

প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

প্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার বিষয়টি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছে তুলে ধরেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন। সংঘাত দীর্ঘায়িত হলে তাদের নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। এসব কর্মীর পাঠানো রেমিট্যান্স তাদের পরিবার এবং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশেষ উদ্বেগের বিষয় বলে জানান তিনি।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংঘাতের কারণে বাংলাদেশের কয়েকটি কনটেইনার জাহাজ ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চান।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। হরমুজ প্রণালির পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় পড়তে পারে—এমন উদ্বেগের কথাও জানানো হয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ করে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক যোগাযোগে ভূমিকা রাখতে আগ্রহী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংঘাতের কারণে জ্বালানি, বাণিজ্য ও বাংলাদেশি প্রবাসীদের ওপর যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা আলোচনায় তুলে ধরা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো ইরানের প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দুই নেতার বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিও আলোচনায় আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

এসআরবি সদস্যদের বাড়ল বিশেষ ভাতা, কোন পদে কত

এসআরবি সদস্যদের বাড়ল বিশেষ ভাতা, কোন পদে কত

কলেজের জন্য জরুরি নির্দেশনা

কলেজের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App