গাড়িচাপায় শ্রমিকের মৃত্যুতে ৯ লাখ টাকায় আপস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফের পক্ষে তার আইনজীবী আলমগীর হোসেন বৃহস্পতিবার শিশু আদালতে একটি আপসনামা জমা দিয়েছেন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে মেহেদী হাসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান (২৪) নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার পর গাড়ি থেকে দুজন নেমে আসেন। স্থানীয় লোকজন তাদের মধ্যে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে গুলশান থানা পুলিশ ওই কিশোরকে হেফাজতে নেয়। সেদিন রাতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে নিহত মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গাড়িটির চালক আকাশ মারক (৪৪) বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তার মাথা, বুক ও পিঠে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, বৃহস্পতিবার অভিযুক্ত কিশোরের পক্ষে আদালতে ৯ লাখ টাকার আপসনামা জমা দেওয়া হয়েছে। আদালতের শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
