×

জাতীয়

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল যেন বিশ্ববাসী সমানভাবে পায়, সে লক্ষ্যে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিন এসব কথা বলেন। ভাষণে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, এআই, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘শুধু ভোটের গণতন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায়, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়। এ লক্ষ্যেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে।’

আরো পড়ুন: আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ ঝড়ের আভাস

তিনি আরও বলেন, ‘পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ‘ফ্যামিলি কার্ড’কে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করে সরকার। পাশাপাশি ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন কার্ড চালু করা হয়েছে। এসব কার্ড সমন্বয় করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করাও সরকারের পরিকল্পনায় রয়েছে।’

এআই নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। তিনি বলেন, ভবিষ্যৎ বিশ্ব গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। তবে প্রযুক্তির সুবিধা এখনো সবার জন্য সমানভাবে নিশ্চিত হয়নি।

বাংলাদেশের বড় তরুণ জনগোষ্ঠী এবং বাড়তে থাকা ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার জন্য সহজলভ্য করতে হবে। বর্তমানের ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে এআই ব্যবহারের ক্ষেত্রেও বৈষম্যে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানের অগ্রগতিতে কোনো দেশ যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও তিনি জোর দেন।

এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিকাশের সুফল যাতে বিশ্বের বিভিন্ন দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সেজন্য জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই

ভাষণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর সমাধানও সেখানেই করতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াকেই তিনি সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন।

সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেশটিকে বহন করতে হচ্ছে বলে জানান তিনি।

এ অবস্থায় জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে কপ-৩১ সম্মেলন থেকে আরও কার্যকর বৈশ্বিক উদ্যোগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা ও খরার ক্ষতিকর প্রভাব কমাতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচিও শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App