উপনির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন কাজ করছে।
নির্বাচন চলাকালে মাঠের সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে নির্বাচনের সময় মাঠের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর ফলে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি জানান, বর্তমানে নির্বাচনি মাঠের পরিবেশ ভালো রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
এদিকে, উপনির্বাচন সামনে রেখে রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এ উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চালু রেখেছে নির্বাচন কমিশন। ভোট দিতে আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে।
এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
