রাজধানীতে ৩ সাংবাদিকের ওপর হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় তিন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে তিনজন আহত হন।
আহত সাংবাদিকদের ভাষ্য, হামলাকারীদের কয়েকজন নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার এসআই একরামুল। তিনি বলেন, আসামি ধরে চলে আসার পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না; অন্য কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিলেন কি না, তা তিনি নিশ্চিত নন।
অন্যদিকে হামলার শিকার সাংবাদিক সিয়াম হোসেন গাজী দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হামলার পর আহত সাংবাদিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের বক্তব্য পাওয়া যায়নি।
