×

জাতীয়

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন নিহত মরিয়ম খাতুনের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ। আদালতে দাখিল করা আপসনামায় তিনি জানিয়েছেন, তাৎক্ষণিক সন্দেহের ভিত্তিতে জামাই জি এম নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য পরে আপসের সিদ্ধান্ত নিয়েছেন।

কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তাঁর বা তাঁর পরিবারের কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানিয়েছেন মাসুম বিল্লাহ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে উপস্থিত হয়ে আপসনামাটি দাখিল করেন মরিয়মের বাবা। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর হলেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

আপসনামায় মাসুম বিল্লাহ উল্লেখ করেন, তাঁর মেয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম ও নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম একসঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংসার করছিলেন বলে তিনি উল্লেখ করেন।

নথিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে ঢাকার নিজ বাসায় মরিয়ম আত্মহত্যা করেন। পরে নজরুল ইসলামের ফোন পেয়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর বাসায় যান মাসুম বিল্লাহ এবং সেখানেই মেয়ের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন।

আপসনামায় মাসুম বিল্লাহ বলেন, তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে সন্দেহের ভিত্তিতে নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও আরও একজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা করেন।

তবে পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন, নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের প্ররোচনা বা কোনো কার্যকলাপের কারণে রাগ বা অভিমানে মরিয়ম আত্মহত্যা করেননি—এমনটাই আপসনামায় উল্লেখ করেছেন তিনি। এরপর উভয়পক্ষের নিকটাত্মীয়দের মধ্যস্থতায় আলোচনা করে পারিবারিক সম্পর্ক অটুট রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আপসের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপসনামার শর্তে বলা হয়েছে, শেরেবাংলা নগর থানার মামলায় নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে বাদী বা তাঁর পরিবারের কোনো আপত্তি থাকবে না। জামিনের পর উভয়পক্ষ হৃদ্যতাপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে এবং বিচারাধীন বিষয়ে নির্লিপ্ত থেকে বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষ আপস করে হলফনামা দিয়েছে। সেই আপসের ভিত্তিতে কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত নন এবং বাদীপক্ষের সঙ্গে ইতোমধ্যে আপস হয়েছে। শুনানিতে বাদীও তাঁদের জামিনে আপত্তি নেই বলে জানান। আদালত মাকছুদা ইসলামের জামিন দিলেও গাজী নজরুল ইসলামের জামিন দেননি। এ বিষয়ে ফের জামিনের আবেদন করা হবে অথবা উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত সোমবার দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে নজরুল ইসলাম তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে কখনো কখনো শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো। মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা আদালতকে জানায় পুলিশ। এ অভিযোগগুলো তদন্তসংশ্লিষ্ট তথ্য হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর কক্ষে কয়েকটি চিরকুটও পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় করা হয়। ওই রাতেই নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাকছুদাও একদিনের রিমান্ড শেষে কারাগারে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App