×

জাতীয়

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে নতুন করে কোনো যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সমন্বিত কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর ভবন নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে শুধু তাকে প্রত্যাহার করা হবে না। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করা হবে।

তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।

ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যবস্থাপনা উন্নত করতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে।

রাস্তা খনন ও বিভিন্ন নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, পুরো সড়ক একসঙ্গে কেটে না ফেলে ধাপে ধাপে কাজ শেষ করতে হবে এবং কাজ শেষ হওয়ার পর দ্রুত সড়ক পুনর্নির্মাণ করতে হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর সদস্যদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবি পূরণে সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী বলেও উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকটের বিষয়টিও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আবাসন সুবিধা বাড়াতে ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে ডরমিটরি ও ব্যারাকসহ অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App