পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
আতিকুর রহমান রুমন জানান, এমপি ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে তদন্তও চলছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন।
এরই মধ্যে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও তিনি এর আগে তা অস্বীকার করেছেন। তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
