সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তকরণ এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনাসহ বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রস্তাব উঠেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাইযোদ্ধারা।
বৈঠকে তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে জোরালো মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে হয়রানি ও আইনি জটিলতা নিরসন করে তাদের শতভাগ আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
এ ছাড়া দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ বিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়ার লক্ষ্যে ‘গণভোট’-এর বিধান পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হয়।
পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনীতিতে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকরা।
বৈঠক সূত্র জানায়, আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছে, তা কমিটি বিবেচনার জন্য গ্রহণ করেছে। এ ছাড়া আজকের আলোচনার বাইরেও যদি কারও কোনো লিখিত প্রস্তাব থাকে, তা কমিটিতে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সংসদ সদস্য শাকিলা ফারজানা অংশগ্রহণ করেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
