×

ঢাকা

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াতে ইসলামীর এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতার নাম তাইজুল ইসলাম। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁক করতেন। তবে ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী বলে দাবি করেছেন তাইজুল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, গত ২৫ অক্টোবর দুপুরে তাইজুলের বাড়িতে এক নারীর সঙ্গে তাঁকে আটক করা হয়। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে ওই নারীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয় কয়েকজনের অভিযোগ, চিকিৎসার কথা বলে নারীদের বাড়িতে ডেকে নিয়ে তাঁদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতেন তাইজুল। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নারীও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। তাঁদের দাবি, চিকিৎসার জন্য গিয়ে ওষুধ খাওয়ার পর তাঁরা এমন পরিস্থিতির শিকার হন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর রোববার সকালে কয়েকশ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুলের বাড়িঘরে ভাঙচুর চালান। এ সময় ব্যানার হাতে তাঁর শাস্তির দাবিতে অবস্থান নেন তাঁরা। বিক্ষুব্ধ কয়েকজন তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করেন।

এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার দুদিন পর গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুলকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়।

এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতের আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে তাঁদের কাছে আসেন। শিবচর উপজেলা শহর থেকে নিলখী ইউনিয়ন দূরে হওয়ায় তাইজুলকে দলের দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাঁকে ইউনিয়ন সভাপতি হিসেবে মনে করতেন।

সরোয়ার হোসেন মৃধা আরও বলেন, বিষয়টি জানার পর তাইজুলকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নিজের ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী বলে দাবি করেছেন তাইজুল। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে তাইজুলের শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। পরে কয়েকজন তাঁর বাড়িঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App