টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
ফাইল ছবি
কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারাদেশে চার দিন গ্যাস সরবরাহ কম থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
অর্থাৎ, রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। বিশেষ করে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না, শিল্পকারখানার উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি
পেট্রোবাংলা জানিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বরে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এদিকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ধরনের খবরকে গুজব উল্লেখ করে পেট্রোবাংলা জানিয়েছে, কোথাও গ্যাস সরবরাহ বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। রক্ষণাবেক্ষণকালে সরবরাহ কমলেও সারাদেশে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
