নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে যাচ্ছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ বিষয়ে মৌখিক সম্মতিও পাওয়া গেছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে কোনো কারণে প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পদ ও নির্ধারিত গ্রেড অনুসারে বেতন বাড়বে। নতুন কাঠামোয় বিভিন্ন পদে কর্মরত শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন হারে।
প্রকাশিত বেতন কাঠামোর তথ্য অনুযায়ী, মাস্টার্স কলেজের অধ্যক্ষরা চতুর্থ গ্রেডে ১ লাখ টাকা প্রারম্ভিক মূল বেতন পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষদের পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপকদের প্রারম্ভিক মূল বেতন হবে ৭১ হাজার টাকা।
অন্যদিকে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সপ্তম গ্রেডে ৫৮ হাজার টাকা এবং সহকারী প্রধান শিক্ষকরা অষ্টম গ্রেডে ৪৬ হাজার টাকা মূল বেতন পাবেন।
কলেজের প্রভাষকদের জন্য নবম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা। দশম গ্রেডভুক্ত পদের সহকারী শিক্ষকদের বেতন হবে ৩২ হাজার টাকা। আর ১১তম গ্রেডভুক্ত পদের সহকারী শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
উল্লেখিত বেতনগুলো নতুন কাঠামো অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন। তবে পদ, শিক্ষাগত যোগ্যতা এবং অনুমোদিত জনবল কাঠামোর ভিত্তিতে গ্রেডের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে।
