পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সহযোগীরা। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
আরও পড়ুন: ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দেয়া নিয়ে যা জানালেন ডিএমপির ডিসি
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে তাকে নিয়ে থানায় ফেরার পথে বাড়ির সামনের সড়কে তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের একটি সরকারি পিকআপও ভাঙচুর করেন। পরে হাতকড়া পরা অবস্থায় সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান তারা।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন।
তিনি আরও বলেন, সিরাজ মোল্লাসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

