গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় চারজনকে মূল পরিকল্পনাকারীসহ ২৩ জন প্রভাবশালী নেতাকে চিহ্নিত করার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্যের বরাতে সূত্রটি বলছে, দেশজুড়ে নাশকতার পরিকল্পনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
গোয়েন্দা সূত্রের দাবি, কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের আড়ালে ছয়টি সীমান্ত রুট দিয়ে দেশে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আনা হচ্ছে। এসব কর্মকাণ্ডে কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী অর্থায়ন করছেন। জনমনে আতঙ্ক ছড়াতে দুর্গম চরাঞ্চলে ককটেল তৈরি এবং রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে সূত্রটি জানিয়েছে।
এরই মধ্যে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক।
রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের লতিবপুর ইউনিয়নের গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও দেশীয় অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে।
মিছিলকারীরা পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হওয়ার পর লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লম নিয়ে ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়টি খুলে দেওয়া হয়।
পরে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
এ সময় গোপালগঞ্জ-পাটগাতি সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। প্রেস ক্লাবের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
টুঙ্গিপাড়ায় রোববার বিকেল ৪টার দিকে পাটগাতি বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম ওরফে তাজুর বাড়িতেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকের মিষ্টির দোকান, গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের মাহমুদ বিশ্বাসের দোকান এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়, বিএনপি নেতা রাজিবের ফার্নিচারের দোকান এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে শনিবার টুঙ্গিপাড়ার বর্ণী ইউনিয়ন বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ২ হাজার জন।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তবে সহিংসতার বিষয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়ভাবে পাওয়া বিভিন্ন তথ্যের অমিল রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সুরক্ষায় আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ জন্য ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। তাঁর দাবি, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউ পার পাবে না। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে।
