৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
সরকারি বরাদ্দের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে।
