খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৩:১৫ পিএম
আনিসুল হক ও খালেদা জিয়া
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি। নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। রবিবার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হার্টের প্রেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন বলেন, ২০২০ সাল থেকে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া তার পছন্দমত হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন। যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে বিদেশ পাঠানো সম্ভব নয়।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দিনকে নিয়ে ব্রিটেনের আদালত যে রায় দিয়েছেন, তা পক্ষপাতমূলক ও একপেশে। এই রায়ে সঠিক তথ্য পুরোটা আসেনি।
বেনজীর ইস্যুতে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সময়ে সময়ে সম্পদের হিসাব দিয়ে থাকে। নতুন আইনের প্রয়োজন নেই। এখন আইনি প্রক্রিয়া চলছে।
কিছু কিছু সৎ মানুষের ব্যাপারেও এখন লেখালেখি হচ্ছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করবো, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার করুন। দুর্নীতি নিয়ে স্পেসিফিক তথ্য থাকলে সংবাদ করেন। কিন্তু মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কিছু করবেন না।
