গোলাম পরওয়ার
দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করা একজন মুমিনের জন্য নামাজ, রোজা, হজ ও জাকাতের মতোই ফরজ। আল্লাহর ফরজ বিধান প্রতিষ্ঠার এ আন্দোলনে যদি নিজের সবকিছু হারাতে হয়, এমনকি জীবনও উৎসর্গ করতে হয়, তবে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা সে জন্য প্রস্তুত রয়েছে। কারণ, জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে থাকে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, “রুকন শব্দটি সাধারণ কোনো শব্দ নয়। যারা আল্লাহর সঙ্গে শপথবদ্ধ, তারাই রুকন।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “একজন রুকন আল্লাহর সঙ্গে শপথবদ্ধ। তাই রুকনদের মর্যাদা ও সম্মান আল্লাহই দান করবেন। এই মর্যাদা ও সম্মান অর্জন করতে হলে শপথের পর নিজেকে অটুট রাখতে হবে।” এ বিষয়ে তিনি উপস্থিত রুকনদের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে মতিঝিল-শাহজাহানপুর জোনের সব সাংগঠনিক থানার আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
