×

রাজনীতি

গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকেই প্রশ্ন উঠেছে দলীয় সদস্যপদ হারানোর পর তার সংসদ সদস্য (এমপি) পদ বহাল থাকবে কি না।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনার বিষয়ে সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্তও হয়েছে।

এর আগে মঙ্গলবার গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং সংশ্লিষ্ট তরুণীর পরিবারের দাবি, ওই তরুণীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তরুণীর বাবাও এ দাবি সমর্থন করেছেন। এরপরও সম্পর্কটি গোপন রাখার কারণ এবং বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।

এ ঘটনার জেরে বুধবার তার নির্বাচনী এলাকায় সচেতন নাগরিকদের ব্যানারে বিক্ষোভ, ঝাড়ু মিছিল এবং কুশপুতুল দাহ কর্মসূচিও পালন করা হয়।

এমপি পদ থাকবে কি?

আইন বিশেষজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হওয়ার কারণে একজন সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। একইভাবে কোনো ভিডিও ভাইরাল হওয়া, নৈতিক বিতর্ক সৃষ্টি হওয়া বা সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়াও সংসদ সদস্য পদ হারানোর সাংবিধানিক কারণ নয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে। তবে দল কর্তৃক বহিষ্কারকে ওই অনুচ্ছেদে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।

ফলে প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী, দলীয় বহিষ্কারের পরও গাজী নজরুল ইসলাম আপাতত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

কোন পরিস্থিতিতে এমপি পদ হারাতে পারেন?

আইনজীবীদের মতে, ভবিষ্যতে তিনি যদি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন, তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হতে পারে।

এ ছাড়া কোনো ফৌজদারি মামলায় আদালতের রায়ে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষিত হলে তার সদস্যপদ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার প্রশ্ন দেখা দিলে বিষয়টি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয় এবং নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, সংসদ সদস্যের পদ বহাল থাকবে কি না, তা মূলত সংবিধানের বিধান দ্বারা নির্ধারিত হয়; রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে নয়।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তিনি বলেন, ঘটনাটি সত্য কি না, তা নিশ্চিত নন এবং এটি কোনো ষড়যন্ত্রও হতে পারে। তবে যদি আদালতে অপরাধ প্রমাণিত হয়, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ করলে তার সংসদীয় আসন শূন্য হবে এবং সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে

হাইওয়ে পুলিশপ্রধান দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে

‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

শিক্ষার্থীদের দাবি ‘মোদিকে ক্ষমা চাইতে হবে’

জ্বালানি তেল নিয়ে সরকারের বার্তা

জ্বালানি তেল নিয়ে সরকারের বার্তা

শিক্ষার্থীদের ৩ দাবি যৌক্তিক : রাহুল গান্ধী

শিক্ষার্থীদের ৩ দাবি যৌক্তিক : রাহুল গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App