×

রাজনীতি

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

ছবি : সংগৃহীত

নারী কেলেঙ্কারির ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে দলটি। তবে মেয়েপক্ষ বা কোনো ভুক্তভোগীর সরাসরি অভিযোগ না থাকলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলা বা আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা।

সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে আর কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। সংগঠনের প্রভাব ব্যবহার করে তিনি আরও কোনো নিন্দনীয় কাজ করেছেন কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা ইতোমধ্যে বেশ কিছু আইনগত পদক্ষেপ নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে মামলা বা আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা সময় হলেই জানতে পারবেন।’

জামায়াতের রাজনীতিতে এটাই প্রথম বড় ধরনের কোনো নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। দলটির জন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘অপরাধ ও অন্যায়ের প্রশ্নে জামায়াত কখনো কাউকে ছাড় দেয় না, প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তি যদি আমিরও হন।’

এর আগে বৃহস্পতিবার গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় ওই চিঠিতে। একই চিঠি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের একজন সংসদ সদস্য বলেন, সংসদীয় দলের কোনো সদস্যই গাজী নজরুলের পক্ষে অবস্থান নেননি। বরং সবাই চেয়েছেন তাকে বহিষ্কার করা হোক। তা না হলে জাতীয় সংসদের অধিবেশনে দলকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। তিনি আরও বলেন, গাজী নজরুল যদি পদত্যাগ না করে আইনি লড়াই চালিয়ে যান, তাহলে হয়তো তিনি কয়েক মাস বা এমনকি প্রায় এক বছর পর্যন্ত এমপি পদে বহাল থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে তিনি জামায়াতের অন্য সংসদ সদস্যদের সঙ্গে সংসদে বসতে পারবেন না।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় গাজী নজরুল ইসলামের দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এরও আগে গত বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দলের সব পদ থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, গাজী নজরুলকে স্বেচ্ছায় এমপি পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত দলকে কোনো সিদ্ধান্ত জানাননি। একই সঙ্গে তিনি পদত্যাগ করবেন না- এমন অবস্থানও স্পষ্ট করেননি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এ বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সবই নেওয়া হবে।’

অন্যদিকে, হত্যাচেষ্টার অভিযোগ এনে গাজী নজরুলের বিরুদ্ধে মামলা করেছেন গাড়িচালক ওবায়দুর রহমান। ইতোমধ্যে ওই মামলায় আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথাও উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App