নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
বাঁ থেকে- এস এম জাহাঙ্গীর হোসাইন, আকরাম আহমেদ, গোলাম মাওলা গোলাপ, সুমন আহমেদ। ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আর তাতেই শীর্ষ পদ পেতে প্রত্যাশী নেতাদের মধ্যে শুরু হয়েছে নানা সমীকরণ ও তৎপরতা।
বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আভাসে আলোচনায় এসেছে চার সাবেক ছাত্রনেতার নাম।
তৃণমূল ও সংগঠন সূত্রে জানা গেছে, নেতৃত্বের এই দৌড়ে সর্বাগ্রে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। বিগত দিনে সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে তাঁর ভূমিকা তাঁকে রেসে বেশ এগিয়ে রেখেছে। এ ছাড়া মাঠপর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি করে জোর আলোচনায় রয়েছেন সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ। রাজপথের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি ও নেতাকর্মীদের পাশে থাকার কারণে তাঁর পক্ষেও ব্যাপক সমর্থন রয়েছে।
অন্যদিকে তরুণ ও উদীয়মান নেতৃত্বের সারিতে শক্ত অবস্থান তৈরি করেছেন সদ্য সাবেক দুই যুগ্ম সাধারণ সম্পাদক—সুমন আহমেদ এবং এস এম জাহাঙ্গীর হোসাইন। সংগঠনের সংকটকালে রাজপথের লড়াকু ভূমিকা এবং ছাত্রদলকে চাঙ্গা রাখতে নিরলস পরিশ্রমের কারণে শীর্ষ দুই পদের জন্যই তাঁদের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
সাধারণ নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের হামলা-মামলা ও রাজপথের কঠিন পরিস্থিতিতে যাঁরা নিজেদের প্রমাণ করেছেন, তাঁদেরই মূল্যায়ন চান তাঁরা। বিতর্কহীন ও ত্যাগী নেতাদের হাতে নতুন দায়িত্ব দেওয়া হলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আরও বেশি শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদল সূত্রে জানা গেছে, যোগ্য, সাহসী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের বাছাই করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। যেকোনো মুহূর্তে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হতে পারে।
