ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক্য
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিতের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এ কর্মসূচি আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে দেশের দক্ষিণ সীমান্তের টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, গণভোটে দেওয়া গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করা।
কর্মসূচির প্রথম ধাপে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার কথা রয়েছে। সেখানে কর্মসূচির একটি পর্ব শেষ করে পদযাত্রাটি দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন: ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির
আয়োজকদের ভাষ্য, ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা সভা সঞ্চালনা করেন। এতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির রূপরেখা ও বিভিন্ন ধাপ তুলে ধরেন আয়োজকেরা।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
