কুষ্টিয়ার হরিপুর : পদ্মা-গড়াইয়ের মোহনায় দর্শনার্থীদের ভিড়
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে : প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কুষ্টিয়ার হরিপুরে পদ্মা-গড়াই’র মোহনায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে। কুষ্টিয়া শহর থেকে তিন-চার কিলোমিটার দূরে হরিপুর ব্রিজ। ব্রিজ থেকে দুই পাশে গড়াই নদীর উপচেপড়া সৌন্দর্য দেখতে দেখতে হাট হরিপুর পৌঁছানো যাবে। বাঁধ ধরে হেঁটে হেঁটে গেলে একেবারে পদ্মার সংযোগস্থানে। এখানে গড়াই ও পদ্মা নদীর যুগলবন্দি। গড়াই এসে মিশেছে পদ্মার সঙ্গে। ভারত থেকে গঙ্গা রাজশাহীতে ঢুকেছে। তারপর পদ্মা হয়ে মিলিত হয়েছে মেঘনায়। গড়াই এখানে মিলিত হওয়ায় তিনটি নদীপথ। পদ্মার একদিকে কলকাতা, অন্যদিকে বাংলাদেশ। কুষ্টিয়ার এখান থেকে গড়াই গেছে শিলাইদহ হয়ে রাজবাড়ীতে। কুষ্টিয়া
ফলে অপরূপ এক মোহনা সৃষ্টি হয়েছে কুষ্টিয়া শহরের কাছে হরিপুরে। নয়নাভিরাম এই স্থানকে স্থানীয়রা বলেন ত্রিমোহনা। সূর্যাস্ত ও সূর্যোদয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয় এখানে। বিকালে সময় কাটাতে কুষ্টিয়া শহরসহ অন্যান্য এলাকার ভ্রমণপিপাসুরা ছুটে আসেন প্রতিদিন। বিস্তীর্ণ জলরাশির গড়াই-পদ্মার এই মোহনাকে সাগর বলে আপনার কাছে ভুল হতে পারে। দুপুর গড়িয়ে বিকাল থেকেই সৌন্দর্যের জাল আরো জোরালোভাবে বিছিয়ে দিল ত্রিমোহনা। সূর্য্যরে রক্তিম আভা পানিতে আছড়ে পড়ছে। সূর্যাস্তের লাল আভা গিলে খাচ্ছে নদীর ¯্রােত। এই সৌন্দর্য না দেখলে ব্যাখ্যা করা মুশকিল। এখান দিয়েই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা-শিলাইদহ যাতায়াত করতেন। পদ্মা ও গড়াই নদীর স্মৃতি নিয়ে অনেক কবিতা-গান লিখেছেন কবি। গড়াইকে তিনি বলতেন গোড়াই। এমনটা উল্লেখ আছে তার কবিতায়।
পদ্মার ওপারে পাবনা, পারমাণবিক কেন্দ্র রূপপুর। আরো আছে বিস্তীর্ণ বালুচর। সবুজের সমারোহ। নৌকার চলাচল আর ছোট ছোট লঞ্চে মাঝিদের জীবনের গল্প। আপনি চাইলে নৌকা কিংবা লঞ্চ ভাড়া করে নেমে পড়তে পারেন নদীতেও।
নদীতে নেমে গেলে মনে হয় সাগর। কী বিশালতা। চারদিকে শুধু থইথই পানি আর পানি। এর মধ্যে নৌকা ভাসছে, দুলছে। আমাদেরও ভাসতে ইচ্ছা হলো। দুই সঙ্গী লুত্ফর ও মালেককে নিয়ে মাঝারি আকৃতির একটি নৌকা ভাড়া করলাম। তাদের নিয়ে নাও ভাসালাম মাঝ দরিয়ায়। কিছুদূর যেতেই ঢেউয়ের তোড়ে নৌকা এই ডোবে এই ভাসে অবস্থা। নৌকার এমন নাচুনিতে ভয়ই পেয়ে গেলাম।
আমলা মিরপুর থেকে পরিবার নিয়ে পদ্মা গড়াইয়ের মোহনায় বেড়াতে আসা একজন দর্শনার্থী গোলাম কিবরিয়া মাসুম জানান, দুই মেয়ে আর পরিবারের সবাইকে নিয়ে ছুটির দিনে প্রায়ই বেড়াতে আসি এখানে। এতো সুন্দর অপরূপ সৌন্দর্য পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো। পদ্মা গড়াই মোহনার কোল ঘেষে নদী রক্ষা বাঁধ করা হলেও রাস্তা না থাকায় চলাচলের খুব সমস্যা হচ্ছে। এই সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীদের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করা না হলে এই সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীদের দুর্ভোগ বাড়বে। গড়াই-পদ্মার মিলনস্থলে নৌকাভ্রমণ দারুণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
জেলেদের মাছ ধরা, নৌকায় মালামাল পরিবহন, রঙিন নৌকায় ঝলমলে রোদের ঝিলিক অপূর্ব সৌন্দর্যের অবতারণা করে। ওপারের সবুজ গাছগাছালি ও চরাঞ্চলের সবুজ ক্ষেতের মনোরম দৃশ্যও দুচোখ ভরে দেখার মতো। সন্ধ্যাবেলায় নৌকাগুলো যেন পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির। পাশ থেকে ইঞ্জিনচালিত নৌকার ভুটভুট শব্দে এ যেন মাতোয়ারা এক ত্রিমোহনা।
পদ্মার প্রধান শাখা নদ গড়াই। গড়াই নদের আর এক প্রান্ত গিয়ে মিশেছে মধুমতীতে। এই মিলন স্থান থেকে কিছুদূর গেলেই হার্ডিঞ্জ ব্রিজ। এটি দেশের সবচেয়ে বড় রেল সেতু। তার আগেই পড়বে লালন শাহ সেতু। আরেক তীরে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। একটু সময় করে নৌকাভ্রমণে দেখা মিলবে এতগুলো বিখ্যাত স্থাপনার। বিনোদনপিপাসুদের ভিড় হয় বিকালবেলা। এত সৌন্দর্যমণ্ডিত স্থানটি দর্শন করতে কুষ্টিয়া শহর ও তার আশপাশ এলাকার মানুষের পাশাপাপাশি দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষের ভিড় বাড়ছে। এলাকাটিতে নিরাপদে দর্শনার্থীদের উপভোগের জন্য একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি এলাকাবাসীর।
