×

আবহাওয়া

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে এবং এরপর ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর দেশের অনেক এলাকায় শীতের আমেজও শুরু হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই বৃষ্টি আর কতদিন চলবে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এশিয়া পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই। এটি ভারতের দক্ষিণ ওডিশা উপকূল দিয়ে অতিক্রম করছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে মেঘ বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি কতদিন থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে পরশু থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। কোনো কোনো অঞ্চল থেকে বৃষ্টি পুরোপুরি বিদায় নিতে পারে।

কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে, জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, সারা দেশেই বৃষ্টির প্রবণতা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশি।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গত মধ্যরাতে (১৮ নভেম্বর) এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App